মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের

সংগৃহীত

 স্পোর্টস ডেস্ক


ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়লেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে ২২৫ রানের ইনিংস খেলেছেন হৃদয়।


এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হৃদয়।


সিলেট টেস্টে হৃদয় যেন একাই বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেছেন। সতীর্থ ব্যাটারদের কেউই ফিফটির দেখা না পেলেও দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন তিনি।


তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় হৃদয়ের সংগ্রহ ছিল ১৯০ রান। অন্য প্রান্তে ছিলেন লোয়ার অর্ডারের ব্যাটার তাসকিন আহমেদ। সাদমান ইসলাম চোটে পড়ায় তাসকিনকেই কার্যত বাংলাদেশের ইনিংসের শেষ ব্যাটার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।


তবে তাসকিনকে সঙ্গে নিয়েই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। ৩০৪ বলে ১৯টি চার ও ৭টি ছক্কায় ২০০ রান পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটার।


হৃদয়ের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাইজুল ইসলাম। দুজনের ১১৭ রানের জুটিতে ৩০০ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। তবে জোমেল ওয়ারিকেনের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে ২২ রান করে ফিরতে হয় তাইজুলকে। ৩০১ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।


এর আগে তৃতীয় দিনের শুরুতে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৪ রান করে জোমেল ওয়ারিকেনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন মুশফিক। এরপর একই বোলারের বলে সহজ ক্যাচ দিয়ে মাত্র ৮ রান করে ফেরেন লিটন।


হৃদয়কে সঙ্গ দেওয়ার চেষ্টায় ১৬ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪১ রানের জুটি। এরপর মাত্র ১ রান করে ওয়ারিকেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হাসান মাহমুদ।


এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষ করার সময় প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬৮ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২২ রানেই ২ উইকেট হারায় দল।


সাদমান ইসলামের চোটে ওপেনিংয়ে নামা নাঈম হাসান ৫ রান করে ফেরেন। এরপর কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে ১৬ রান করে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ওপর আশা থাকলেও ১৮ রান করে আউট হন শান্ত।


এমকে/বিএম২৪