৭১ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
৭১ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

নিজস্ব প্রতিবেদক


১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছেন। আর ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিলেন।


শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল।


তিনি বলেন, যতবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যতবার দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে, ততবারই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই চেতনা থেকেই জাতীয় ঐক্য ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে।


তারেক রহমান বলেন, ভবিষ্যতে কেউ যেন দেশের জনগণের অধিকার হরণ করতে না পারে কিংবা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।


বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দিল্লি না, পিন্ডি না, নয় অন্য কোনো দেশ! সবার আগে, সবার আগে!’ এ সময় উপস্থিত দর্শকেরা সমস্বরে ‘বাংলাদেশ’ বলে সাড়া দেন।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।


অনুষ্ঠানে সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।


এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও ৭ নভেম্বরের চেতনার সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যোগসূত্র তুলে ধরেন।


তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার থেকেই সেদিন ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলেন।


রিজভী আরও বলেন, ৭ নভেম্বরের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা বারবার মানুষকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছে।