নোয়াখালী ট্রিপল মার্ডার: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
সূত্রঃ সংগৃহীত
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় গ্রেপ্তার একমাত্র আসামি ফিরোজ আলম বাপ্পী আদালতে উপস্থিত ছিলেন। মামলার আরও পাঁচ আসামি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ২১ মার্চ নোয়াখালী পুরাতন কলেজের পাশে একটি সালিশকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী রাজিব, ইয়াছিন ও ওয়াসিমের ওপর হামলা চালায়। সন্ধ্যার দিকে হামলাকারীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। পরে ওয়াসিম ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি বাদী হয়ে সুধারাম থানায় হত্যা মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী ও নোয়াখালী ১ নম্বর অতিরিক্ত আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. বরুত উল্যাহ রাসেদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে তিন আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় তারা ন্যায়বিচার পেয়েছেন।
মামলার বাদী নিহত রাজিবের মা এবং তার বড় ভাই আরিফুর রহমানও রায়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ঘটনার প্রায় ১০ বছর পার হলেও সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করার দাবি জানান তারা।
মামলাটিতে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য জানা যায়নি।
এমকে/বিএম২৪









