নাসিরনগরে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
নাসিরনগরে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

সংগৃহীত

জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান ই আলম।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাঘি গ্রামের মাঠে কাজ করতে গিয়ে এক কৃষক ডোবার পানিতে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখেন। কাছে গিয়ে মানুষের লাশ বুঝতে পেরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে জানিয়ে নাসিরনগর থানায় খবর দেন।


খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।


পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশটি প্রায় পচে গিয়েছিল। শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্র করে বস্তাবন্দি অবস্থায় থানায় নেওয়া হয়েছে।


তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এদিকে, দিনদুপুরে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘি গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করেন। স্থানীয়রা জানান, কে বা কারা এবং কখন লাশটি ডোবায় ফেলে গেছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।


এ বিষয়ে নাসিরনগর থানার এসআই জাহান ই আলম বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।”


এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।


এমকে/বিএম২৪