নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী

সংগৃহীত

সৌরভ আহমেদ সাগর, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরভী আক্তার আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউস টিউটর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমনা আক্তার সুমি।


তিনি জানান, দোলনচাঁপা হলের তৃতীয় তলার রান্নাঘরের গ্যাসলাইনের পাইপে লিকেজ থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান।


অধ্যাপক ড. সুমনা আক্তার সুমি বলেন, “তাঁর কান্নাকাটি দেখে প্রথমে আমরা আশঙ্কা করেছিলাম, হয়তো তাঁর হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তাঁর হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহতও হননি।”


তিনি আরও জানান, ঘটনার পরপরই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত গ্যাসলাইনের লিকেজ বন্ধের ব্যবস্থা নেন।


এদিকে, আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক তাঁর হাতের নড়াচড়া সীমিত রেখে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ জন্য তাঁকে একটি বেল্ট দেওয়া হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


এমকে/বিএম২৪