কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জের রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। দুর্ঘটনায় মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রাবেয়া ও জারা মনিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা ময়মনসিংহের নান্দাইলে এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এমকে/বিএম২৪









