কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচল বন্ধ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচল বন্ধ

সূত্রঃ সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি সদর প্রতিনিধি


টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সেতুটিতে পর্যটক চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।


শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে হ্রদের ওপর নির্মিত ঝুলন্ত সেতুটির পাটাতনের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। বর্তমানে সেতুটির উল্লেখযোগ্য অংশ পানির নিচে থাকায় পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।


কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫৪ এমএলএম। এই পানি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।


প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে ঝুলন্ত সেতুর বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।


দূর-দূরান্ত থেকে ঝুলন্ত সেতু দেখতে আসা অনেক পর্যটক নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা।


বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঝুলন্ত সেতুতে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ থাকবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের জন্য ঝুলন্ত সেতু আবার খুলে দেওয়া হবে।



এমকে/বিএম২৪