এমপির সামনে ভেঙে পড়ল কাঠের সাঁকো

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম
এমপির সামনে ভেঙে পড়ল কাঠের সাঁকো

সূত্রঃ সংগৃহীত

ডিমলা প্রতিনিধি



নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় সাঁকোর একাংশ ভেঙে নদীতে পড়ে গিয়ে তাঁর সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে এমপি আব্দুস সাত্তার অক্ষত রয়েছেন।


বুধবার (১২ আগস্ট) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ওই এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের সুবিধার্থে স্থানীয়রা নিজেদের অর্থায়নে সেখানে একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান।


এ সময় এমপিসহ কয়েকজন সাঁকোর ওপর উঠলে হঠাৎ এর পেছনের একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হন। দুর্ঘটনায় তাঁদের জামাকাপড় ছিঁড়ে যায়। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ করেছেন। সংসদ সদস্য সেটি পরিদর্শনে গেলে তাঁর সঙ্গে অনেক নেতাকর্মীও সাঁকোর ওপর ওঠেন। একপর্যায়ে সাঁকোটি ভেঙে কয়েকজন নিচে পড়ে যান।


সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, স্থানীয়রা নিজেদের অর্থায়নে কাঠের সাঁকোটি নির্মাণ করেছেন। তিনি নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শনে গেলে সাঁকোটির ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।


তিনি আরও বলেন, এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে সেখানে সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।




এমকে/বিএম২৪