পূর্ব শত্রুতায় স্বেচ্ছাসেবক দল কর্মীকে কুপিয়ে জখম
সূত্রঃ সংগৃহীত
রাজশাহী ব্যুরো:প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে সজীব ইসলাম মারুফ (২৮) নামে স্বেচ্ছাসেবক দলকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার খরবোবা নদীর ধার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত মারুফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তিনি ওই এলাকার আব্দুল হালিমের ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী।
আহতের ভাই ও বোয়ালিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল আহমেদ আলী অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে পরিচিত জিয়ারুল ও তার সহযোগীরা মারুফকে চাকু দিয়ে কুপিয়ে জখম করেছেন। তার দাবি, এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো গোপনে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
মামলা করা হয়েছে কি না জানতে চাইলে শাকিল বলেন, মারুফকে নিয়ে তারা বর্তমানে হাসপাতালে আছেন। চিকিৎসা শেষে থানায় মামলা করা হবে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ সেখানে গিয়ে দুই পক্ষের কাউকেই পায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এমকে/বিএম২৪









