ঢাবির হলে দুই শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি
সূত্রঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ ওঠার পর তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর দুই শিক্ষার্থীর আসন বাতিল করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। এটিকে প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার তদন্তে হলের হাউস টিউটর ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ জানান, অভিযুক্ত দুই শিক্ষার্থীই প্রথম বর্ষের। তাদের বিরুদ্ধে বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়ার দাবি করে তিনি বলেন, পরে শিক্ষার্থীরা বিষয়টি স্বীকার করেছেন। সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাদের আসন বাতিল করা হয় এবং স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে অভিযুক্তদের একজন শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, তিনি কোনো ধরনের এমন কর্মকাণ্ডে জড়িত নন। তার রুমমেট বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তাকে প্রশ্ন করতেন। তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে রুমমেটের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হতো বলেও দাবি করেন তিনি।
ওই শিক্ষার্থীর দাবি, অভিযোগের প্রমাণ হিসেবে যে ছবি ও ভিডিও উপস্থাপন করা হয়েছে, সেগুলো তার রুমমেট ধারণ করেছেন এবং তিনিই সেগুলো হল সংসদের জিএসের কাছে দিয়েছেন। রুমমেটের সঙ্গে জিএসের ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর তাকে ছাত্রদলের কর্মী হিসেবে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী। তিনি দাবি করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪









