লোডশেডিংয়ের ক্ষোভে ৪ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার
সূত্রঃ সংগৃহীত
ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে চরগড়গড়ি এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যুতের বিল নিয়ে নানা অসংগতির অভিযোগও রয়েছে। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।
চরগড়গড়ি গ্রামের বাসিন্দা আকমল প্রামাণিক বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তাঁরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিলসংক্রান্ত বিভিন্ন সমস্যায়ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
ইউপি সদস্য রুপবান খাতুন বলেন, মঙ্গলবার এলাকায় মিটারের রিডিং নিতে যান আইনুল হোসেন। তখন পুরো এলাকায় লোডশেডিং চলছিল। প্রচণ্ড গরমে ক্ষুব্ধ বাসিন্দারা তাঁকে বিদ্যুৎ সরবরাহ ও বিলসংক্রান্ত নানা বিষয়ে প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে তাঁকে আটকে রেখে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।
প্রায় চার ঘণ্টা পর এলাকাবাসী মিটার রিডার আইনুল হোসেনকে ছেড়ে দেন।
আইনুল হোসেন বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ খুবই অতিষ্ঠ। তবে এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিলের রিডিং লেখা বন্ধ রেখে তিনি সেখান থেকে চলে আসেন।
এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম রথিন্দ্রনাথ বর্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এমকে/বিএম২৪








