মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
সূত্রঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার রাকশা পুরান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাকশা পুরান বাজার এলাকার সিরাজুল ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়ার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
অভিযানকালে ফার্মেসিতে সংরক্ষিত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে এসব ওষুধ জব্দ করা হয়। একই সঙ্গে অভিযুক্তের দোষ স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে সহায়তা করতে এসআই সুব্রতের নেতৃত্বে বেড়া মডেল থানার একটি দল উপস্থিত ছিল।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এমকে/বিএম২৪









