সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম
সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

সূত্রঃ ফাইল ছবি

জেলা প্রতিনিধি



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।


নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী জানান, আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে।


এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ওই দিনই তিনি শপথ নেন।


সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।


ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।


পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমীন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তার আবেদন মঞ্জুর করেন। ফলে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।


১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের আদেশের কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি।


পরে নুরুল আমীনের করা আপিলের শুনানি শেষে ১৬ জুন আপিল বিভাগ আদেশ দেন। এতে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।


এরপর শুনানি শেষে ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এবার সেই রায়ের বিরুদ্ধেই আপিলের অনুমতি চেয়ে আবেদন করলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।




এমকে/বিএম২৪