গভীর রাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
সূত্রঃ সংগৃহীত
শেরপুর প্রতিনিধি
শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলার আবাসিক কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসের আবাসিক অংশে এক নারীকে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, ভবনের একটি টেবিলের ওপর খালি মদের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় সেখানে মদ্যপানের অভিযোগও ওঠে। তবে বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত করেনি।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে দাবি করেন, রুস্তম আলী তাঁর দূরসম্পর্কের দুলাভাই। তিনি বেড়াতে এসেছিলেন। তবে গভীর রাতে একই কক্ষে অবস্থানের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
অন্যদিকে রুস্তম আলীর দাবি, রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে ভেতরে নেওয়ার সময় দু-একজন তাঁকে দেখে থাকতে পারেন। পরে কয়েকজন ব্যক্তি সেখানে ঢুকে ওই নারীকে ‘দুই নম্বর’ আখ্যা দিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।
ওসি মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালকের দূরসম্পর্কের শালী। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তাঁর নাম ওজিলা বলে জানা গেছে।
ওসি আরও বলেন, সরকারি পাসপোর্ট কার্যালয়ের আবাসিক ভবনে গভীর রাতে দুজনের অবস্থানের বিষয়টি জানার পর নিরাপত্তার দিক বিবেচনায় তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমকে/বিএম২৪









