পাবনায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে দুই দোকানিকে জরিমানা
সূত্রঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধি
পাবনার সদর উপজেলার দোগাছী বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদ রাখার দায়ে রং বেরং স্টোর ও নাঈমা স্টোরকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। এ সময় পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানকালে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পলিথিনের ক্ষতিকর প্রভাবসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









