সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে : ১১ দলীয় ঐক্য
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জোটের নেতারা।
তারা বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা তৈরি হয়েছে। এসব সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
জোটের নেতারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের সদস্যদের কার্যকর অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার আহ্বান জানান তারা।
মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেন তারা।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে নেতারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। গ্যাস ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব দেশের উৎপাদন ও রপ্তানিতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে জোটটি। পরে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে কর্মসূচি পালন শেষে ঢাকায় মহাসমাবেশ করার কথা জানান নেতারা। দাবি বাস্তবায়ন না হলে পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার নিয়েও কথা বলেন জোটের নেতারা। তারা বলেন, কোনো প্রশ্ন পছন্দ না হলেও সাংবাদিকদের হুমকি বা ভয় দেখানো গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়।
নেতারা আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর আগের অঙ্গীকারগুলো বাস্তবায়িত না হওয়ায় দেশে বারবার একই ধরনের সংকট তৈরি হচ্ছে। তাই শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংস্কৃতিতেও কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন।
এমকে/বিএম২৪









