উত্তাপ ছড়ানোর আভাসে বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম
উত্তাপ ছড়ানোর আভাসে বিকেলে শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নানা ইস্যু এবং জনদুর্ভোগের বিষয় নিয়ে উত্তাপ ছড়ানোর আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবারের অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।


অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঘন ঘন লোডশেডিংসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। এসব ইস্যুতে বিরোধী দলের সংসদ সদস্যরা জোরালোভাবে কথা বলবেন বলে জানা গেছে। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের অভিযোগ নিয়েও তারা সরব হতে পারেন।


সংসদ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।


প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকানোর পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক বহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে শেরেবাংলা নগর, ফার্মগেট, বিজয় সরণি, বাংলামটর ও শ্যামলী মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানোর পাশাপাশি ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।


সংসদ ভবনের নিরাপত্তা ও অধিবেশনের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নির্দেশনা অমান্য করে আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।



এমকে/বিএম২৪