মার্টিনেজকে দলে নিতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনায় চেলসি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম
মার্টিনেজকে দলে নিতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনায় চেলসি

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা শুরু করেছে চেলসি। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগেই অভিজ্ঞ এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি করতে চায় লন্ডনের ক্লাবটি। সংবাদমাধ্যম ইএসপিএনের সূত্রের বরাতে বিষয়টি জানা গেছে।


অ্যাস্টন ভিলা জাপানের গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নেওয়ার পর মার্টিনেজকে ছেড়ে দেওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে। সুজুকিকে দীর্ঘমেয়াদে দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে বিবেচনা করছে ভিলা। সেই সুযোগ কাজে লাগিয়ে মার্টিনেজকে নিজেদের দলে নিতে চায় চেলসি।


সোমবার ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে চেলসির গোলবারে রবার্ট সানচেজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর জায়গায় শুরুতে ২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে খেলানোর কথা ভাবা হচ্ছিল। গত মৌসুমে স্ট্রাসবুর্গে ধারে খেলেছিলেন তিনি। তবে মার্টিনেজের মতো অভিজ্ঞ গোলরক্ষককে পাওয়ার সম্ভাবনা চেলসির পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।


ভিলা দলের গড় বয়স কমানোর পরিকল্পনা করছে। এ কারণে মার্টিনেজকে ছেড়ে দেওয়ার বিষয়ে ক্লাবটির ইতিবাচক মনোভাব রয়েছে। ২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।


এদিকে উয়েফা ও প্রিমিয়ার লিগের আর্থিক বিধিমালা মেনে চলতে চলতি গ্রীষ্মের দলবদলে অর্থ সংগ্রহ ভিলার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মরগান রজার্স ১১৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি ইউরি টিলেমান্স ও লুকাস দিনিয়েও ক্লাব ছাড়ছেন। ফলে মার্টিনেজকে বিক্রি করে অর্থ সংগ্রহের সুযোগটিও কাজে লাগাতে চাইছে ভিলা।


চেলসিতে গোলরক্ষক পরিবর্তনের সম্ভাবনার পাশাপাশি দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়েও আলোচনা চলছে। আর্জেন্টাইন এই তারকাকে দলে নিতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। তবে ফার্নান্দেজকে ছাড়তে চেলসি ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে বলে জানা গেছে।


চেলসি কোচ জাবি আলোনসো অবশ্য ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার মধ্যেও আশা প্রকাশ করেছেন, লুটনের বিপক্ষে ম্যাচে তিনি দলের হয়ে খেলবেন।



এমকে/বিএম২৪