ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, সুস্থ আছেন অভিনেতা
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা কর্তৃপক্ষ। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি লন্ডনে অবস্থান করছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র যাচাই-বাছাই ছাড়াই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার।
এদিকে প্রিয় নেতার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা যৌথ বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া কোনো সংবাদ প্রচার করা অনৈতিক। যাচাই ছাড়া ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তার পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি হয়েছে।
গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। সেখানে আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে চিকিৎসকেরা তার ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে লন্ডনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলছে।
এমকে/বিএম২৪








