গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমকে/বিএম২৪









