জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম
জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কবি।


মৃত্যুর পাঁচ দশক পরও অন্যায়, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নজরুলের কবিতা ও গান বাঙালির চেতনায় সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিকর্ম এখনো মানুষকে মুক্তি, সাম্য ও মানবতার পথে অনুপ্রেরণা দেয়।


১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা নজরুল পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখেন। কবিতা, গান, গজল, হামদ-নাত, নাটক ও শ্যামাসংগীতসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি সৃষ্টি করেছেন কালজয়ী সব রচনা।


নজরুলের সৃষ্টিশীল জীবনের সময়কাল ছিল প্রায় ২৩ বছর। এই স্বল্প সময়ে তাঁর সাহিত্যকর্মে ফুটে ওঠে মানবমুক্তি, সাম্য ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন।


বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতি নিয়ে সপরিবারে নজরুলকে বাংলাদেশে আনা হয়। পরে তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রীয় উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বসবাসের ব্যবস্থা করা হয়।


১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবারও নানা কর্মসূচি নিয়েছে। ১২ ভাদ্র সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করে কবির সমাধিতে যাবেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের পর সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।



এমকে/বিএম২৪