প্রতিষ্ঠার ৪৮ বছরে এসে অফিসিয়াল ওয়েবসাইট চালু ছাত্রদলের
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠার প্রায় ৪৮ বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই অনুষ্ঠানে সংগঠনের চারটি তথ্যবহুল বুকলেট বিতরণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে একটি সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট শুধু পরিচিতির মাধ্যম নয়, বরং তথ্য সংরক্ষণ ও প্রচারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সংগঠনের নীতিমালা, কর্মসূচি, বিবৃতি, ইতিহাস ও বিভিন্ন অর্জনের তথ্য সহজে প্রকাশ করা যায়। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদি ডিজিটাল আর্কাইভ হিসেবেও ভূমিকা রাখতে পারে।
ছাত্রদলের দাবি, এর আগে বিভিন্ন সময়ে ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হলেও তা সরকারি পর্যায় থেকে ব্লক করে দেওয়া হতো। তবে এ দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, ২০১১ সালের ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সংগঠনটির প্রথম ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে, ছাত্রদলের সাম্প্রতিক প্রেস রিলিজে ওয়েবসাইট হিসেবে ‘www.jcd-bnp.org’ ঠিকানা উল্লেখ করা হয়েছে। তবে ওই ঠিকানায় প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি পাওয়া যাচ্ছে না। গুগলে ঠিকানাটি সার্চ করলে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটের একটি সাব-ক্যাটাগরিতে ছাত্রদলের সংক্ষিপ্ত পরিচিতি পাওয়া যায়।
ওই পাতায় ছাত্রদলের স্লোগান, প্রতিষ্ঠার ইতিহাস ও প্রথম কমিটি গঠনের তথ্য সংক্ষেপে তুলে ধরা হয়েছে। ফলে এতদিন সংগঠনটির ইতিহাস ও অন্যান্য তথ্যের জন্য আলাদা কোনো পূর্ণাঙ্গ অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না।
প্রতিবেদন লেখা পর্যন্ত উইকিপিডিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিবন্ধেও সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ ছিল না।
প্রসঙ্গত, আগামী বছরের ১ জানুয়ারি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করে ৪৯ বছরে পা দেবে ছাত্রদল। এর আগে সংগঠনটির পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালুর উদ্যোগ নেওয়া হলো।
এমকে/বিএম২৪








