রোববার ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত শহর

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
রোববার ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি, বরণে প্রস্তুত শহর

সূত্রঃ ফাইল ছবি

জেলা প্রতিনিধি


রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) ও সোমবার (৭ সেপ্টেম্বর) তাঁর সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থানে চলছে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।


সফরকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক কমিটি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যস্ত সময় পার করছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নিজ শহরে ফেরাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা দিয়েছে।


সফরের প্রথম দিন রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।


পরে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। এরপর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।


সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানেই রাতযাপন করবেন রাষ্ট্রপতি।


সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। রাষ্ট্রপতির সফরে এর ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।


ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।


এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এসএসএফ, পিজিআর, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভাব্য সফরস্থল, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানান, রাষ্ট্রপতির দুই দিনের সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।


পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলায় প্রথম আগমন ঠাকুরগাঁওবাসীর জন্য আনন্দ, গর্ব ও আবেগের বিষয়। তাঁকে স্বাগত জানাতে জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।


উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।



এমকে/বিএম২৪