ইরানিরা কী করে সব দেখি, আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্রের সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথা উল্লেখ করে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ইরান কয়েকদিন ধরে নতুন একটি রকেট তৈরির কাজ করছিল এবং সেটি দিয়ে সমুদ্রে মাইন স্থাপন করা সম্ভব—এমন দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওই কর্মকাণ্ড সম্পর্কে আগেই জানতে পেরেছে। এ প্রসঙ্গেই তিনি বলেন, ইরানিরা যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে কোনো কাজ করতে পারে না।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিন অসংখ্য জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে এবং এসব জাহাজে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে। ইরান মাঝে মধ্যে ড্রোন ছুড়লেও সেগুলো যুক্তরাষ্ট্র ভূপাতিত করছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি হরমুজ প্রণালিতে মাইন পোঁতার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তৈরি করা নতুন যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের মাইন স্থাপনকারী রকেট তৈরির বিষয়ে ট্রাম্প বলেন, এমন রকেট তৈরির বিষয়টি তিনি আগে কখনো শুনেননি। তবে ইরান এ ধরনের রকেট তৈরি করছিল এবং কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নতুন রকেট তৈরির বিষয়টি দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে সেটি ধ্বংস করে। পাশাপাশি আরও কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
এমকে/বিএম২৪








