অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম
অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী এলিনা শাম্মী। এ ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর দুটি ক্ষতস্থানে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনার দুটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান এলিনা শাম্মী। ছবিতে তার কপালে ব্যান্ডেজ দেখা যায়।


অভিনেত্রী জানান, বৃহস্পতিবার নির্মাতা সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকের শুটিং ছিল। এর আগের দিন সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাইরে বের হন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন।


এলিনা শাম্মী বলেন, অটোরিকশায় উঠলেই তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। তাই চালককে সতর্ক করে বারবার ধীরে চালানোর অনুরোধ করছিলেন তিনি। একপর্যায়ে উচ্চস্বরে চালককে গতি কমাতেও বলেন। তবে তার কথায় কর্ণপাত না করে চালক দ্রুতগতিতে অটোরিকশা চালাচ্ছিলেন বলে জানান অভিনেত্রী।


একপর্যায়ে অটোরিকশার সরু চাকার নিচে পাথর বা ইটজাতীয় কিছু পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে চালক একদিকে ছিটকে পড়েন। আর এলিনা শাম্মী রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার ওপর পড়ে যায়।


দুর্ঘটনায় অটোরিকশার চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয়। এতে মাথার সামনের অংশেও গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আহত অবস্থায় নিজের হ্যান্ডব্যাগ হাতে নিয়ে অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান তিনি।


হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুরুতর দুটি ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়। দুর্ঘটনার পর ব্যাটারিচালিত অটোরিকশাকে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন এলিনা শাম্মী। এ ধরনের ‘দানব বাহন’ রাস্তায় চলাচল অব্যাহত থাকবে কি না এবং এর কারণে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির দায় কে নেবে—এমন প্রশ্নও তোলেন তিনি।


তবে ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আল্লাহ তাকে জীবন ভিক্ষা দিয়েছেন। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও উল্লেখ করেন তিনি। সবশেষে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এলিনা শাম্মী।



এমকে/বিএম২৪