আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের নির্দেশ রাষ্ট্রপতির

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পরে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে কঠোর এবং শিষ্টের প্রতি ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।


অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোসহ সাইবার অপরাধ দমনেও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন তিনি।


এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।


বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশ দেন।


সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।


রাষ্ট্রপতি এ সময় পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।



এমকে/বিএম২৪