ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ অব্যাহত রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচন প্রলম্বিত করার উদ্দেশ্যে সরকার পরিকল্পিতভাবে প্রশাসক নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।


বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। জনগণের প্রত্যাশা, স্থানীয় সরকার ব্যবস্থাতেও দ্রুত নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন। কিন্তু সরকার স্থানীয় নির্বাচন আয়োজনের পরিবর্তে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের পর ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ অব্যাহত রেখেছে।


তিনি দাবি করেন, এভাবে প্রশাসক নিয়োগ জনগণের গণতান্ত্রিক ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটি পরিকল্পনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে নির্বাচনযোগ্য ইউনিয়নের সংখ্যা প্রায় ৩১১টি। গত দুই মাসে সাতটি নবগঠিত ইউনিয়নসহ অন্তত ৩৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া ১৯টি ইউনিয়ন বরিশাল জেলায়। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নে ১২ জন বিএনপি নেতা-নেত্রীকে পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন।


তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চলতি বছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন আয়োজনের কথা বললেও ইউনিয়ন পরিষদে এখনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং দলীয় নেতাকর্মীদের অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।


জামায়াতের এই নেতা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের স্বার্থে সব স্তর থেকে দলীয় প্রশাসক প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ পাওয়া প্রশাসকদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণা করারও আহ্বান জানান তিনি।



এমকে/বিএম২৪