‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস যোগাযোগ করেছিলেন। তবে জামায়াতের আমির আসনটি ছাড়তে রাজি হননি। এ বিষয়ে নাহিদ ইসলাম বিভিন্ন ব্যক্তির কাছে আক্ষেপ করেছিলেন বলেও দাবি করেন রাশেদ খাঁন।
তার দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ও বিতর্কের দায় নিতে জামায়াত রাজি হয়নি। এমনকি আসনটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও জামায়াতের আমির বিষয়টি প্রত্যাখ্যান করেন বলে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, আসনটি না ছাড়ায় তিনি জামায়াতকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে জামায়াতের সমালোচনা করলেও এ বিষয়ে দলটির আমিরের অবস্থানের প্রশংসা করেন তিনি।
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন রাশেদ খাঁন। তার দাবি, আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে অনেকেরই জানা। তবে এসব অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণ তিনি তার পোস্টে উপস্থাপন করেননি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, আসিফ মাহমুদ ক্ষমতায় থাকাকালে একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—যার বিষয়ে তিনি নিজে অবগত। এ বিষয়ে এক উপদেষ্টাকে জানালে ওই উপদেষ্টা বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, আসিফ মাহমুদের উচিত ছিল নিজের ভুলের জন্য দুঃখপ্রকাশ করা। তবে বিরোধিতার কারণে বিরোধী দলের অনেকে তার পাশে দাঁড়ালেও, নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে তিনি আসিফ মাহমুদের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে যাবেন।
এমকে/বিএম২৪








