সামনে এলো অভিনেত্রী রিধির চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম
সামনে এলো অভিনেত্রী রিধির চাঞ্চল্যকর তথ্য

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রেমঘটিত বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


শনিবার (১৫ আগস্ট) ভোরে কথিত প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানিয়েছে রিধির পরিবার। একপর্যায়ে ওই ব্যক্তিকে ভিডিও কলে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, রিধির একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ বলেন, রিধির পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম লীনা আক্তার। তার পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়ার পাশাপাশি কথিত প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।


এর আগে শনিবার ভোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া রিধি পরে অভিনয়েও নিয়মিত কাজ করেন। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা রিধি। বিভিন্ন সময়ে নিজের কাজের ছবি ও নানা আপডেট সেখানে প্রকাশ করতেন তিনি।



এমকে/বিএম২৪