দাকোপে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ২

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
দাকোপে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ২

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ; বাগেরহাট জেলা প্রতিনিধি:


খুলনার দাকোপে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় অবৈধভাবে হরিণের মাংস বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।


শুক্রবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনসংলগ্ন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।


কোস্ট গার্ড সূত্র জানায়, রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা অভিযান চালান। এ সময় নলিয়ান বাজার ও দোয়ানিরগেটসংলগ্ন এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে মাংসের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, উদ্ধার করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।


সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



এমকে/বিএম২৪