বসুন্ধরায় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম
বসুন্ধরায় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকা আত্মহত্যা করে থাকতে পারেন।


ওসি জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।


ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, রিধিকার পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম লীনা আক্তার। মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়ার পাশাপাশি রিধিকার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক এবং মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


রিধিকা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন। নিয়মিত নিজের কাজের বিভিন্ন ছবি ও আপডেট প্রকাশ করতেন তিনি। তবে গত ৩০ জুলাই সর্বশেষ পোস্ট দেওয়ার পর আর কোনো পোস্ট করেননি।


মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পাওয়া রিধিকা পরে অভিনয়েও নিয়মিত কাজ করেন। কয়েকটি নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।



এমকে/বিএম২৪