কুড়িগ্রাম বাস শ্রমিক ইউনিয়নে হাসান সভাপতি, রাসেল সম্পাদক
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৩১৪)-এর ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে গণনা শুরু হয়। পরে শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন পরিচালনা কমিটি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে রিকশা প্রতীকে মো. হাসান আলী ২ হাজার ২৮১ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে মো. সহিদুজ্জামান রাসেল পান ২ হাজার ১২১ ভোট।
এ ছাড়া কার্যকরী সভাপতি পদে মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াউর রহমান জিয়া, অর্থ সম্পাদক পদে মো. আলমগীর কবির, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আয়নাল হক এবং শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম বুল্টু নির্বাচিত হয়েছেন।
সহসভাপতি পদে মো. আব্দুল জলিল ও মো. বাবুল হোসেন এবং সহসাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ ও মো. মজিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সড়ক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, মো. নূরুজ্জামান ও মো. হাবিবুল ইসলাম জয়ী হন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে মো. আয়নাল হোসেন, এম এ মালেক মন্ডল ও মো. মজিদুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো. সামছুল হক বাবুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. মো. মাহফুজার রহমান স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুজ্জামান রাসেল বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত সভাপতি মো. হাসান আলী বলেন, শ্রমিকরা যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।
নির্বাচনকে ঘিরে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল।
এমকে/বিএম২৪









