বেনাপোল স্থলবন্দর: শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে নতুন যন্ত্রপাতি ও মজুরি বৃদ্ধির ঘোষণা
সূত্রঃ ফাইল ছবি
শার্শা (যশোর) প্রতিনিধি::-
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী ১৫ দিনের মধ্যে নতুন ইকুইপমেন্ট (ফর্কলিফট, ক্রেনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি) সংযোজন এবং শ্রমিকদের টনপ্রতি মজুরি ৫০ পয়সা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।
রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে শ্রমিকদের এ তথ্য জানান ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।
ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি বলেন,শ্রমিকদের স্বার্থ রক্ষায় ইউনিয়ন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। বন্দর পরিচালকের দেওয়া আশ্বাস বাস্তবায়নের জন্য আমরা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করব। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজন হলে পরবর্তীতে ইউনিয়ন সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা হবে।”
৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,““দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসছি। আজকের বৈঠকে বন্দর পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামী ১৫ দিনের মধ্যে নতুন ইকুইপমেন্ট সংযোজন করা হবে এবং শ্রমিকদের টনপ্রতি মজুরি ৫০ পয়সা বৃদ্ধি করা হবে। আমরা আশা করছি, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে।”
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন,“শ্রমিকদের দাবিগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। বন্দরের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করতে প্রয়োজনীয় নতুন ইকুইপমেন্ট সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের টনপ্রতি ৫০ পয়সা মজুরি বৃদ্ধির বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যেই বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। শ্রমিকদের সহযোগিতা অব্যাহত থাকলে বন্দর পরিচালনা আরও কার্যকর হবে।”
আরও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, শ্রমিক নেতা আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন,লিংকন মেম্বার,সদস্য জামির হোসেন
সহ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক।
এমকে/বিএম২৪









