বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানিয়েছে আইপিইউ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইপিইউর মহাসচিব অ্যান্ডা ফিলিপ। এ সময় দুই পক্ষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার, সংসদীয় সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদীয় গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আন্তঃসংসদীয় সহযোগিতা প্রতিষ্ঠায় আইপিইউর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আইপিইউ মহাসচিবকে অবহিত করেন।
শামা ওবায়েদ অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও জবাবদিহিতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ডিজিটাল হয়রানি এবং ভুল ও অপতথ্যের বিস্তার, বিশেষ করে নারী ও মেয়েশিশুদের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা করেন। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংসদীয় সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের কারণে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্বব্যাপী সংসদীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
আইপিইউ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতে সংসদীয় বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও আইপিইউর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এমকে/বিএম২৪









