দলীয় ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান বাগেরহাটে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
দলের অভ্যন্তরীণ ঐক্য অক্ষুণ্ন রেখে জনগণের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ব্যক্তি স্বার্থ কিংবা আবেগের চেয়ে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘করব কাজ, গড়ব দেশ’ প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাবেক জেলা সভাপতি এম এ সালামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালো ফল অর্জনের জন্য এখন থেকেই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতা-কর্মীদের ত্যাগ, জনসম্পৃক্ততা ও রাজনৈতিক ভূমিকা বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করা হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত ছয় মাসে জনগণের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার মতো কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সমন্বয় প্রয়োজন। এতে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দলের নেতাকর্মীদের পরস্পরের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা না ছড়িয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে আবেগ ও ব্যক্তিস্বার্থ পরিহার করে জনকল্যাণমুখী রাজনীতিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। বাগেরহাট জেলখানা পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং শহরের বিভিন্ন সড়কের আইল্যান্ডে গাছের চারা রোপণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের ঘিরে ঢাক-ঢোল ও সানাইয়ের বাদ্যযন্ত্রে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। রাতে জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
এমকে/বিএম২৪









