ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার মো. সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকার মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)।


পুলিশ জানায়, ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলমের নেতৃত্বে এসআই সোহাগ রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটি ৩১ আগস্ট দায়ের করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারা উল্লেখ করা হয়েছে।


গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



এমকে/বিএম২৪