বম্বে সুইটসের ৫ মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাজারে নিম্নমান ও ভেজাল শনাক্ত হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা, বাঘাবাড়ীসহ বিভিন্ন ব্র্যান্ডের ঘি ও বাটার অয়েলসহ মোট ১০টি পণ্য তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসটিআই। সংস্থাটি জানায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় কয়েকটি পণ্যে নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে।
বিএসটিআইয়ের পরীক্ষায় বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের কারি পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলা মানোত্তীর্ণ হয়নি। এসব মসলায় নির্ধারিত সীমার চেয়ে বেশি মোট অ্যাশ ও লবণ পাওয়া গেছে।
এ ছাড়া বাঘাবাড়ী ঘি পরীক্ষায় নির্ধারিত মাত্রার মিল্ক ফ্যাট পাওয়া যায়নি। এর পরিবর্তে পাম অয়েল ও বনস্পতি ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বিএসটিআই।
মানের পরীক্ষায় ব্যর্থ হওয়া অন্য পণ্যগুলোর মধ্যে রয়েছে অরুন বাঘাবাড়ী ঘি, নিউ রাঁধুনী ঘি, সিটি ঘি ও এলডার্স বাটার অয়েল। এসব পণ্যের বিভিন্ন রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যের মান নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।
বিএসটিআই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং ভোক্তাদের এসব পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় রাখা প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব। কেউ এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং উপাদানের তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অভিযোগ জানাতে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এমকে/বিএম২৪









