কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।


বুধবার সকালে বরিয়াবরী পাক দরবার শরীফ থেকে জশনে জুলুসটি বের হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দরবার শরীফের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। জুলুসটি কালিয়াকৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।


জশনে জুলুসে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী, আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।


জুলুস শেষে স্থানীয় দরবার শরীফের প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন, আদর্শ, মানবিকতা, সাম্য ও ইনসাফের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।


আলোচনা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে গাউসুল আজম বরিয়াবরী পাক দরবার শরীফ আয়োজিত জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।