শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম
শ্যামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

সূত্রঃ সংগৃহীত

মাসুম বিল্লাহ, সাতক্ষীরা প্রতিনিধি


সাতক্ষীরার শ্যামনগরে ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


১২ রবিউল আউয়াল উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুসটি বের হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, হাজারো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। র‍্যালির নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।


জুলুসটি কাশিমাড়ী-শ্যামনগর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও হায়বাতপুর হয়ে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌঁছায়। সেখানে ওলামায়ে কেরাম ও বক্তারা ১২ রবিউল আউয়ালের গুরুত্ব ও তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।


পরে জুলুসটি শ্যামনগর প্রধান সড়ক দিয়ে চণ্ডীপুর মোড়, বিএম কলেজ রোড ও দেওল এলাকা প্রদক্ষিণ করে শংকরকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তাবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।