বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশে থাকা দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সাময়িকভাবে ভিসা সাক্ষাৎকার বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ফলে আপাতত নতুন করে কোনো ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দূতাবাস ও কনস্যুলেটে কর্মরত কূটনীতিক ও ভিসা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ কতদিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, প্রশিক্ষণের মাধ্যমে ভিসা কর্মকর্তাদের এমন আবেদনকারী বাছাইয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের বিষয়ে অনেক আবেদনকারীকে দূতাবাস ও কনস্যুলেট থেকে ই-মেইল পাঠানো হয়েছে। এতে তাদের সাক্ষাৎকারের সময়সূচি পুনর্নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নানা পদক্ষেপের পাশাপাশি বৈধ অভিবাসীদের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
এমকে/বিএম২৪








