কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া
সূত্রঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ, এবি পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজুল হক এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অনেকে।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভা শেষে আকতার আহসান মাদরাসার মুহতামিম মাওলানা মো. হাফিজুর রহমানের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।









