বিমানে মায়ের মৃত্যু, ওমানে মরদেহ রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
ওমানের মাস্কাট বিমানবন্দরে অসুস্থ হয়ে মারা যাওয়া ছানোয়ারা বেগমের (৫৫) মরদেহ রেখে একাই চট্টগ্রামে ফিরতে হয়েছে তাঁর ছেলে এরশাদকে। ওমানের আইনি জটিলতার কারণে মায়ের মরদেহ সঙ্গে করে দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
ছানোয়ারা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিল্লিয়ার পাড়ার বাসিন্দা। তাঁর স্বামী নুরুল আমিন।
জানা গেছে, গত ২৫ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান ছানোয়ারা। ওমরাহ শেষে কয়েক মাস দুই ছেলে শাহেদ ও এরশাদের সঙ্গে থাকার কথা ছিল তাঁর। দুজনই সৌদি আরবে বসবাস করেন।
মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা। জরুরি চিকিৎসার জন্য বিমানটি মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ বিমান থেকে নামানোর উদ্যোগ নেওয়া হলেও ওমানের আইন অনুযায়ী রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন হয়। অনুমতি পেতে দেরি হওয়ায় দীর্ঘ সময় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই ছিল। এতে ফ্লাইটটির পরবর্তী যাত্রাও অনিশ্চিত হয়ে পড়ে।
শেষ পর্যন্ত রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়ার পর মরদেহটি বিমান থেকে নামানো হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সৌদি আরবে যাওয়ার পর থেকেই ছানোয়ারা অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং সৌদি আরবে তাঁর চিকিৎসাও হয়েছিল। অসুস্থতার কারণে তিনি সম্ভবত ওমরাহও সম্পন্ন করতে পারেননি।
মিজানুর রহমান আরও জানান, আইনি বাধ্যবাধকতার কারণে এরশাদকে মায়ের মরদেহ ওমানে রেখেই দেশে ফিরতে হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছানোয়ারার স্বামী নুরুল আমিনও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বুধবার দুপুর ২টা ৪৬ মিনিটে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এমকে/বিএম২৪









