বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীন দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে দলের যৌথসভা শুরুর আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
রুহুল কবির রিজভী জানান, সেপ্টেম্বরের সুবিধাজনক সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করবেন। অন্যদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আরও কয়েকটি কর্মসূচি নেওয়া হবে। এসব কর্মসূচির খসড়া দলের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।
যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









