নেপালে আকস্মিক বন্যা, নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
নেপালে আকস্মিক বন্যা, নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন।


বুধবার (২৬ আগস্ট) চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেপালের রাসুয়া জেলার তিমুর ও পার্শ্ববর্তী সায়াফুরবাসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে শত শত ঘরবাড়ি, গাড়ি, পণ্য ও অন্যান্য সম্পদ পানিতে ভেসে যায়। বন্যায় ওই এলাকায় চলমান কয়েকটি প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।


নেপালের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ রয়েছেন।


সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি হঠাৎ বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তাদের ধারণা, তিব্বতে ভূমিধসের কারণে ভোতিকোশি নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পানির চাপ তৈরি হয়েছিল। এর সঙ্গে পাহাড়ি ঢল যোগ হওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়।


নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।


সূত্র: এনডিটিভি


এমকে/বিএম২৪