মুক্তির একদিন আগে কারাগারে কয়েদির মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলা কারাগারে সাজা শেষ হওয়ার একদিন আগে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজা হওয়ায় গত ১৭ আগস্ট নাদিমকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার সাজা শেষ হওয়ার কথা ছিল।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নাদিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমকে/বিএম২৪









