ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম
ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো


ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং বহুজাতিক কোম্পানির চক্রান্ত বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ‘ফুলবাড়ী দিবস’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি রাজশাহী শাখার আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলার সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সাধারণ সম্পাদক অজিত কুমার মণ্ডল, সিপিবি মহানগর সভাপতি আয়ুব হোসেন খান কায়ুম, বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব আলফাজ হোসেন যুবরাজ, সামসুল আবেদীন ডন, গোলাম মর্তুজা, ছাত্র ইউনিয়ন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মিরা সুস্মিতাসহ বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ী আন্দোলনে তরিকুল, আল আমিন ও সালেকিনের আত্মত্যাগ জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে। তারা ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।


একই সঙ্গে দেশের জাতীয় সম্পদ বিদেশে পাচার এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির যেকোনো উদ্যোগ বা চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।


সমাবেশ শেষে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি তেল-গ্যাসসহ দেশের সব জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।