পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেন। পরে অর্থ পাচারের সঙ্গেও জড়িত হন।
এ ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪









