সিংগাইরে সরকারি অফিসে প্রকাশ্যে ধূমপান, বিতর্কে ভূমি সহকারী কর্মকর্তা!

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
সিংগাইরে সরকারি অফিসে প্রকাশ্যে ধূমপান, বিতর্কে ভূমি সহকারী কর্মকর্তা!

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রজ্জব আলী বিশ্বাসের  অফিস কক্ষে বসে ধূমপান করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ধূমপানের ওই ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা ।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন,উপজেলার বায়রা ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা রজ্জব আলী বিশ্বাস সেবা গ্রহীতাদের বসিয়ে রেখে তিনি কর্তব্যরত অবস্থায় সিগারেট টানা নিয়ে ব্যস্ত থাকেন। এতে একদিকে  ধোঁয়ায় অফিসের পরিবেশ হচ্ছে নষ্ট । অন্যদিকে, বিব্রতকর অবস্থায় পড়ছেন অফিসে আসা লোকজন এবং ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।

একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে প্রকাশ্যে আইন অমান্য করে এমন কাজে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

এদিকে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ২০১৩ সালের সংশোধনী অনুযায়ী অফিস-আদালত ও জনবহুল স্থানে ধূমপানে দণ্ডনীয় অপরাধের কথা বলা হয়েছে । এতে জরিমানা ও শাস্তির বিধান থাকলেও ওই কর্মকর্তা নির্দ্বিধায় অফিস কক্ষে ধূমপান চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বায়রা ইউনিয়ন ভূমি উপ-সহকারী

কর্মকর্তা অভিযুক্ত রজ্জব আলী বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অফিসে যাওয়ার দাওয়াত দিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন বলেন,অফিসে ধূমপানের বিষয়টি অবগত হয়ে আমি নায়েব সাহেবকে সতর্ক করেছি।তার অফিস ধূমপানমুক্ত রাখতে বিভিন্ন স্থানে লিফলেট লাগানোর নির্দেশ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে বলে জানতে পেরেছি।