আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:১২ এএম
আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড

ছবি: বিডি মেইল

আমতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার আমতলীতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এ সময় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমতলী থানার গ্রাউন্ড ফ্লোরে এ প্যারেড অনুষ্ঠিত হয়। বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় আয়োজিত প্যারেডে প্রধান অতিথি ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ।


প্যারেড পরিচালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।


প্যারেডে গ্রাম পুলিশ সদস্যদের রাতের টহলে সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের শনাক্তকরণ এবং অনলাইন জুয়া প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।


এ ছাড়া এলাকায় যেকোনো অপরাধের তথ্য দ্রুত থানায় জানানো এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। দায়িত্বে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও গ্রাম পুলিশ সদস্যদের সতর্ক করা হয়।


প্যারেডে অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।