সিলেটে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি, সুনামগঞ্জে গ্রেপ্তার
ছবি: বিডি মেইল
মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেটের শাহপরাণ (রহ.) থানা এলাকায় বসতঘরের টিনের চাল খুলে ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, রৌপ্য অলংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় আল আমিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ডাবর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
টিনের চাল খুলে ঘরে ঢুকে চুরি
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া এলাকার বাসিন্দা উম্মাহ পরভীন (কলি) গত ১৩ আগস্ট বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। পরদিন ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা তাঁর বসতঘরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে।
পরে আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, রৌপ্য অলংকার ও নগদ অর্থ নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় বসতঘরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। পরে শাহপরাণ থানায় মামলা দায়ের হলে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে এসআরবি-৯।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন সিলেটের শাহপরাণ (রহ.) থানার বালুটিকর খাদিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুল আলিম (হিলিম মিয়া)।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









